করোনার সময়ে অনেকের চাকরি চলে গেছে। সঞ্চয় শেষ করে কেউ কেউ চলছেন ধারদেনায়। এমন ২০০ রোগীর সাড়ে পাঁচ কোটি টাকার হাসপাতাল বিল মওকুফ করা মার্কিন চিকিৎসক ডা. ওমর আতিক গোটা বিশ্বের প্রশংসা কুড়াচ্ছেন।
যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যবাসী তাকে হিরোর তকমা দিয়ে সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে।
ওমর বুঝতে পারছিলেন করোনাভাইরাস মহামারীর কারণে তাদের রোগীদের একটি বড় অংশ চিকিৎসার খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন।
বিবিসি জানিয়েছে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি সিদ্ধান্ত নেন ওই বিপুল বিল মওকুফের।
কিন্তু সেজন্য চড়া মাশুলও গুনতে হয়েছে তাকে। প্রায় ৩০ বছর ধরে চালানো ক্লিনিকটি গত বছর বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।
রোগীদের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য ডা. আতিক একটি পাওনা আদায়কারী প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছিলেন।
কিন্তু হিসাব করে তিনি বুঝতে পারেন, তার রোগীদের আর্থিক দুর্দশা।
এরপর ক্রিসমাসের সময় তিনি ২০০ রোগীকে চিঠি দিয়ে জানিয়ে দেন যে তাদের বকেয়া মওকুফ করা হয়েছে।
পাকিস্তানি বংশোদ্ভূত ডা. আতিক ১৯৯১ সালে পাইন ব্লাফ শহরে আরকানসাস ক্যানসার ক্লিনিক প্রতিষ্ঠা করেন।
ক্লিনিকে কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মতো চিকিৎসা দেয়া হয়।
ডা. আতিক লিটল রকের ইউনিভার্সিটি অব আরকানসাস ফর মেডিকেল সায়েন্সেসে একজন অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
