পিলখানা ট্র্যাজেডি: মৃত্যুদণ্ড বহাল থাকা ৯ জন আপিল করেছেন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০২:৩০ পিএম

রাজধানীর পিলখানায় বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহে হত্যা মামলায় হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল ও দণ্ড কমানো বিষয়ে সংশ্লিষ্টরা আপিল বিভাগে আবেদন করেছেন।

আসামিপক্ষের আইনজীবীরা জানান, শুধু হাইকোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকা নয় আসামির আপিলের নথিপত্রে পৃষ্ঠার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫টি।

অন্য আসামির আপিলের ক্ষেত্রে এসব নথি থেকে রেহাই দিতে প্রধান বিচারপতি বরাবর আবেদন করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে অন্য আসামিদের আপিল ১৩ জানুয়ারির মধ্যে করতে পারবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আসামিপক্ষের অন্যতম আইনজীবী আমিনুল ইসলাম বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামাল মোল্লা, মনিরুজ্জামান, ইউসুফ আলী, আবু সাঈদ, আলম সাঈদুর রহমান, আনিসুজ্জামান, ফজলুল করিম, বজলুর রশীদসহ নয়জনের আপিল আবেদন মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় দায়ের করা হয়েছে।

তিনি জানান, এসব আপিলে বিচারিক আদালতের রায়, হাইকোর্টের রায়, আনুষঙ্গিক কাগজপত্রসহ মোট পৃষ্ঠাসংখ্যা ৮ লাখ ৩৪ হাজার ৩৪৫ এ দাঁড়িয়েছে।

এই আইনজীবী জানান, অন্য আসামিদের ক্ষেত্রে যেন এসব নথি না দিতে হয়, সে ব্যাপারে প্রধান বিচারপতি বরাবরে আবেদন করা হয়েছে। তিনি অনুমতি দিলে ১৩ জানুয়ারির মধ্যে তাদের বিষয়ে আপিল করতে পারবো।

হাইকোর্টে খালাসপ্রাপ্ত এবং যাদের সাজা কমানো হয়েছে সে সব আসামিদের বিরুদ্ধেও ইতোমধ্যে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

গত ২০১৩ সালের ৫ নভেম্বর ১৫২ জন বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড, ১৬০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২৭৮ জনকে খালাস দিয়ে রায় দেন বিচারিক আদালত।

ওই রায়ের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। গত বছরের ৮ জানুয়ারি ২৯ হাজার ৫৯ পৃষ্ঠার হাইকোর্টের রায় প্রকাশ হয়।

বিচারিক আদালতে দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ১৩৯ জনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল রাখা হয়েছে। এছাড়া একজন মারা গেছেন। বাকি ১২ জনের মধ্যে আটজনের সর্বোচ্চ সাজা কমিয়ে যাবজ্জীবন ও অন্য চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়। যাবজ্জীবন দেওয়া হয়েছে ১৮৫ জনকে তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া ১৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন দুজনকে। ১৫৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে দুজন মারা গেছেন। ১৩ জনকে সাত বছর করে, ১৪ জনকে তিন বছর করে, এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দু’জনকে। মোট ৫৫২ জনকে সাজা এবং ২৮৩ জনকে খালাস দেওয়া হয়েছে। মারা গেছেন ১৪ জন।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) বিদ্রোহের ঘটনা ঘটে। ওই বিদ্রোহের সময় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

আসামির সংখ্যার দিক থেকে এটিই দেশের ইতিহাসে বৃহত্তর মামলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত