মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের রেজা এন্টারপ্রাইজ নামে একটি রঙের দোকানে আগুনে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এতে দোকানের সকল মালামাল পুড়ে যায়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে পরে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের রঙের দোকান রেজা এন্টারপ্রাইজে রাতে আগুন লাগে। এতে দোকানের ভেতর থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একত্রে প্রায় তিন ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর পেয়ে প্রথমে রাজৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। পরবর্তীতে মাদারীপুর ও ভাঙা থেকে আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কীভাবে আগুন লেগেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ক্ষতিগ্রস্ত রেজা এন্টারপ্রাইজের মালিক রেজাউল খালাসি জানান, আমার প্রতিষ্ঠান রেজা এন্টারপ্রাইজের নামে দুইটি ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ১ কোটি ১৩ লাখ টাকার লোন রয়েছে। আগুনে সব মালামাল পুড়ে গেছে।
রাজৈর ফায়ার সার্ভিসের লিডার সালাউদ্দিন লস্কর জানান, আগুনে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে আগুন লেগেছে তা অজ্ঞাত।
