বেলকুচিতে চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলার আসামি আটক

আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৯:২৯ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের রান্ধুনিবাড়ির চরের চাঞ্চল্যকর পিতা-পুত্র হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মণির (২৫) কে পুলিশ মঙ্গলবার রাতে রান্ধুনিবাড়ির চর এলাকা থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসাসহ আটক করেছে।

এ বিষয়ে বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, আটক মনিরুল ইসলামের বিরুদ্ধে বেলকুচি থানায় ২টি অস্ত্র, ২টি ডাকাতি ও ১টি হত্যা মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি ধরতে বেলকুচি থানা-পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ১ রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ জীবন বাজি রেখে মনিরুল ইসলাম ওরফে ধলা মণির নামের ১ জন আসামিকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

আটক  মনিরুল ইসলাম ওরফে ধলা মনির সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার হত্যা মামলার ৩নং আসামি। এ সময় তার কাছে থেকে একটি পিস্তল, ১ রাউন্ড গুলি ও ১টি গুলির খোসা উদ্ধার করা হয়। তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য,গত ৮ ডিসেম্বর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনিবাড়ির চরের সিরাজ শিকদার (৪৫) ও তার ছেলে সাঈদ শিকদার (১৮)কে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরদিন সিরাজ শিকদারের ছেলে জহুরুল ইসলাম বাদী হয়ে বেলকুচি থানায় নামীয় ১২ জন সহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত