খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নূর হোসেন (৩৫), দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেফিন রাহাত মানিক (২৪) ও ইমন সিকদার (২৩)। এদের মধ্যে নূর হোসেনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ নভেম্বর উপজেলা ও দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এর পরের দিন কমিটি বাতিল দাবিতে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করেন পদবঞ্চিতরা। এরই জের ধরে গতকাল দুপুরে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ এলাকায় দুইপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মেহেদি হাসান বলেন, ‘অপু চৌধুরীর নেতৃত্বে অতর্কিত হামলা করা হলে আমাদের তিনজন আহত হন।’ তবে অভিযোগ অস্বীকার করে অপু চৌধুরী বলেন, ‘তারাই হামলা করে আমাদের দু-তিনজনকে আহত করেছেন।’
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও পুলিশ কাউকে পায়নি। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।
