স্মিথের সেঞ্চুরি, ২ উইকেট নেই ভারতের

আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ০৪:৪৫ পিএম

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্টিভ স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া সাড়ে তিনশোর কাছাকাছি স্কোর গড়ার পর ভারত ২ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে।

দিনের শেষভাগে অজিঙ্কা রাহানে আর চেতেশ্বর পূজারা কোনোমতে ক্রিজে পড়ে থাকেন। ১২.৫ ওভারে দুজনে ১১ রান তোলেন। দিনের খেলা শেষে ২ উইকেটে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৯৬। অস্ট্রেলিয়া অলআউট হয় ৩৩৮ রানে।

রোহিত শর্মা ও শুবমন গিলের ওপেনিং জুটি ভালো শুরু করলেও বাড়তে পারেননি। ধীরে সুস্থে, দেখেশুনে রোহিত আর শুবমান মিলে দলের ভিত্তিটা শক্ত করছিলেন। স্বচ্ছন্দে রানও তুলেছেন মাঝেমধ্যে।

কিন্তু মাত্র ৬ ওভারের ব্যবধানে রোহিত (২৬) ও শুবমান (৫০) আউট হওয়ায় বিপদের আঁচ পান রাহানে-পূজারা। ৫৩ বলে পূজারার ৯ ও রাহানের ৪০ বলে ৫ রানে অপরাজিত ইনিংসে দিন শেষ করে ভারত।

প্যাট কামিন্স দুর্দান্ত বোলিং করেছেন। ১২ ওভারে ৬ মেডেন ও ১৯ রানে শুবমানকে তুলে নেন এ পেসার।

টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটিকে তিন অঙ্কে ‍রূপ দিতে না পারার আক্ষেপ থাকবে শুবমানের। ১০১ বল খেলে তার ৫০ রানের ইনিংসটি শেষ হয়েছে কামিন্সের বলে ক্যামেরন গ্রিনের ক্যাচে।

রোহিত জশ হ্যাজলউডের বলে তার হাতেই ক্যাচ দেন। ১ ছক্কা ও ৩ চারে ৭৭ বলে ২৬ রান করেন তিনি।

অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শুরু করে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে। দুই দফা ছোট্ট বৃষ্টি বিরতিতেও লাবুশেন ও স্মিথের মনোসংযোগে ব্যাঘাত খুব ঘটেনি। দুজনের জুটি জমাট হয় আরও। ৬৭ রানে দিন শুরু করা লাবুশেন এগিয়ে যান সেঞ্চুরির দিকে।

অস্ট্রেলিয়া যখন পুরোপুরি নিয়ন্ত্রণে, হঠাৎই বিপত্তি। জাদেজার একটু খাটো লেংথের বল পেছনের পায়ে ড্রাইভ করেন লাবুশেন, ইনিংসজুড়ে যে শট তিনি খেলেছেন অনেকবার। কিন্তু এবার বলটি একটু বাড়তি লাফিয়ে স্পর্শ করে ব্যাটের কানা। স্লিপে দারুণ রিফ্লেক্স ক্যাচ নেন অজিঙ্কা রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ার তিক্ত স্বাদ পান লাবুশেন (১৯৬ বলে ৯১)।

এরপর লড়াইটা কেবলই স্মিথ ও ভারতীয় বোলারদের। দ্বিতীয় নতুন বলে অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতেই পারেননি। জাসপ্রিত বুমরাহর ভেতরে ঢোকা দারুণ ডেলিভারিতে এলবিডব্লিউ ক্যামেরন গ্রিন, বোল্ড টিম পেইন। জাদেজার ফ্লাইটেড বল ইয়র্ক বানিয়ে বোল্ড প্যাট কামিন্স।

৪৪ বল খেলে এই ৩ জনের সম্মিলিত রান ১! গ্রিন ২১ বলে শূন্য, পেইন ১০ বলে ১, কামিন্স ১৩ বলে শূন্য।

চার নম্বরে নামা স্মিথ শেষ পর্যন্ত রানআউট হয়ে বিদায় নেন। যাওয়ার আগে ২২৬ বলে করে যান ১৩১।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত