প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা লাভ করে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ০২:২৬ এএম

বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে স্বাধীনতা পূর্ণতা লাভ করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘পাকিস্তান আমলের ২৩ বছরে নানান আন্দোলন-সংগ্রাম হয়েছে। মানুষের অধিকার আদায়ে প্রতিটি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে আমরা ১৯৭১ সালে বিজয় দিবস পেয়েছি। কিন্তু তখন স্বাধীনতা পূর্ণতা লাভ করেনি। স্বাধীনতা পূর্ণতা লাভ করে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুর মুক্তির মাধ্যমে।’ গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সূচনায় তৃণমূল চিত্র এবং জাতীয় ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ ও বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম (বিজেআরএফ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পাকিস্তানিরা বুঝেছিল বাঙালির কাছে অস্ত্র থাকা নিরাপদ নয়। তাই বাঙালিদের নিরস্ত্র করতে গাজীপুর থেকে অস্ত্র নিয়ে আসে পাকিস্তানি সৈন্যরা। তখন মানুষ লাঠিসোঁটা নিয়েই পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। ১৯ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস গৌরবের, এই গৌরব পুরো বাঙালি জাতির।’

ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিজেআরএফের সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত