সারিয়াকান্দিতে ‘বিদ্রোহী’র মিছিলে বাধা

শেরপুরে আ.লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০১:৩০ এএম

বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুস ছাত্তারের চারটি নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতের কোনো একসময় তারা এই আগুন দেয়। অপরদিকে, সারিয়াকান্দি পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলমগীর শাহী সুমনের নির্বাচনী প্রচারণায় বাধার অভিযোগ পাওয়া গেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

সারিয়াকান্দিতে গতকাল শনিবার বেলা বারোটার দিকে বাধা দেওয়ার এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, তারা উভয়পক্ষকে মিছিলে বাধা দিয়েছে।

শেরপুরে পৌর এলাকার বাসিন্দারা জানান, নির্বাচনী এই কার্যালয়গুলো শেরপুর শিশুপার্ক মোড়, উত্তর সাহাপাড়ার কলাপট্টি এলাকা, উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন নয়াপাড়া ও টাউন কলোনিতে স্থাপন করা হয়েছিল। চারদিকে কাপড় দিয়ে ঘিরে ভেতরে চেয়ার-টেবিল রেখে প্রচার চালাতেন নৌকা মার্কার সমর্থকরা।

গতকাল শনিবার সকালে মেয়র পদপ্রার্থী আবদুস সাত্তার আগুনে পুড়ে যাওয়া কার্যালয়গুলো দেখতে গিয়ে দাবি করেন, নির্বাচনে প্রতিপক্ষের লোকজনই এই কাজটি রাতের আঁধারে করেছে। বিষয়টি নিয়ে তিনি থানায় অভিযোগ করবেন বলেও জানান।

জানা যায়, আগামী ১৬ জানুয়ারি শেরপুর পৌরসভায় ভোট। নয়টি ওয়ার্ডেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী অফিস তৈরি করেছেন। এসব অফিস থেকে চলছে তাদের নির্বাচনী প্রচারণা। তারমধ্যে প্রতিটি পাড়া-মহল্লায় আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র অবদুস সাত্তারের একাধিক নির্বাচনী অফিস রয়েছে। গত শুক্রবার শেষ রাতের দিকে শেরপুর শহরের দুবলাগাড়ী (এমপি বাসভবনের পাশে), নয়াপাড়া, উত্তর সাহাপাড়ার (ঋষিপাড়া) ও পৌর শিশুপার্ক এলাকায় অবস্থিত নির্বাচনী অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  

শহরের উত্তর সাহাপাড়ার কলাপট্টি এলাকার নির্বাচনী অফিসের সভাপতি যুগল চন্দ্র দাস জানান, শুক্রবার রাত আড়াইটা পর্যন্ত তারা নির্বাচনী কার্যালয়ে ছিলেন। এরপর কর্মীরা যে যার মতো বাড়ি চলে যান। এরপর তাদের কার্যালয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

 শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা নির্বাচনী অফিসগুলো পরিদর্শন করা হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা চালানো হচ্ছে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান বলেন, স্বতন্ত্র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা মুখোমুখি হলে পুলিশ উভয়পক্ষকে সরিয়ে দিয়েছে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত