তুষারপাতে বিমানবন্দরে ৪ ঘণ্টা আটকা রিয়াল

আপডেট : ১০ জানুয়ারি ২০২১, ০২:৩৭ এএম

প্রচন্ড তুষারপাতে লা লিগার সব পরিকল্পনা গুবলেট হতে বসেছে। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচ পেছাতে হয়েছে। অনেক দলকে ম্যাচের আগে যাত্রা বাতিল করে দিতে হয়েছে। সবচেয়ে বেশি টের পেয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে গতকাল রাতে ম্যাচ তাদের। এ কারণে গতকাল প্লেনে করে ওসাসুনায় যাওয়ার পরিকল্পনা নিয়ে বের হয়েছিল দলটি। ঘটা করে দলের উড়োজাহাজে ওঠার ভিডিও দিয়েছিল ক্লাব। এরপরই আর কোনো আওয়াজ নেই। মাত্র ৪৫ মিনিটের যাত্রা উত্তরাঞ্চলীয় রাজ্য নাভারের পাম্পলোনা। সড়কপথে চার ঘণ্টার একটু বেশি লাগে পাম্পলোনায় যেতে। সেখানে রিয়ালকে মাদ্রিদের বারাহাস বিমানবন্দরে বসে থাকতে হলো চার ঘণ্টা! প্রচণ্ড ঝড়ে আকাশপথ অনিরাপদ বলেই বিবেচিত হচ্ছিল।

ঝড় থামার পরও সঙ্গে সঙ্গে রওনা হওয়া যায়নি। প্লেনের ইঞ্জিন ও প্রপেলার যাত্রার জন্য উপযুক্ত, এটা নিশ্চিত করতে হচ্ছিল কর্র্তৃপক্ষকে। গতকাল রাতে রিয়ালের যাত্রা নিয়ে এমন খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ‘বাসবি বেবস’দের স্মরণ করছিলেন। ১৯৫৮ সালে এমনই এক তুষারঝড়ের পর উড়াল দিতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের এক প্রজন্ম হারিয়ে গিয়েছিল।

রিয়াল মাদ্রিদের ভাগ্য ভালো, এমন কিছু দেখতে হয়নি তাদের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর তারা উড়াল দিতে পেরেছে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর পাম্পলোনাতে পৌঁছেছে তারা। গতরাত বাংলাদেশ সময় ২টায় খেলার কথা ছিল তাদের। এই সময় নিয়ে আপত্তি জানিয়ে দুপুরে খেলা এগিয়ে আনার আবেদন জানিয়েছিল রিয়াল। ওই সময়েই তুষারপাত সবচেয়ে কম হয়। কিন্তু লিগ কর্র্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি।

এমন পরিস্থিতিতে আসলে লিগ খেলা চালানোর সিদ্ধান্ত নেওয়াতেই বিরক্ত রিয়ালের কর্মকর্তারা। বিমানবন্দরে আটকে থাকার সময় এক সদস্য বলেছিলেন, ‘এখানে আমরা ইঁদুরের মতো আটকা পড়েছি।’ আরেকজন কর্মকর্তা ওসাসুনা পৌঁছানোর পরও বিরক্তি প্রকাশ করেছেন স্প্যানিশ দৈনিক এএসের কাছে, ‘এটা চরম পাগলামি। এটা ব্যাখ্যার অতীত। গোলমেলে ব্যাপার।’ আবহাওয়াবিদরা তুষারঝড়ের মধ্যে ম্যাচ আয়োজনের ব্যাপারে আপত্তি জানালেও লিগ কর্র্তৃপক্ষ সেটা গায়ে মাখেনি।

ওদিকে আতলেতিকো মাদ্রিদের ম্যাচ পেছাতে বাধ্য হয়েছে লিগ। মাদ্রিদের মাঠে গিয়ে ম্যাচ খেলার কথা ছিল অ্যাথলেটিক বিলবাওর। স্থানীয় সময় সকালে তাদের মাদ্রিদে যাওয়ার কথা ছিল। কিন্তু রিয়াল পাম্পলোনার দিকে উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই বারাহাস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে বিকেল ৪টা ১৫ মিনিটের সে ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। প্রবল ঝড়ের কারণে মাঠ ম্যাচের জন্য প্রস্তুত করার সুযোগও পায়নি আতলেতিকো। তাই ভবিষ্যতে ফাঁকা সূচি পেলে এই ম্যাচ আয়োজনের কথা বলেছে লিগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত