কংগ্রেস ভবনে হামলার আগে পরিবার নিয়ে পার্টিতে মেতেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পার্টির ভিডিও অনলাইনে ভাইরাল এখন।
ইন্ডিয়া টুডে জানায়, পার্টিতে ছেলেমেয়েসহ অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে পপ গানের সঙ্গে নাচতেও দেখা যায় সবাইকে।
ট্রাম্প, ছেলে ট্রাম্প জুনিয়র ও এরিক, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, উপদেষ্টা কিমবারলি গিলফয়লে এবং অন্যান্য কর্মকর্তাদের ভিডিওতে দেখা যায়।
বোঝা যাচ্ছে, জুনিয়র ট্রাম্প এ ভিডিও রেকর্ড করেছেন। সেখানে, লড়াইয়ে উদ্বুদ্ধ করে কথাও বলেছেন ট্রাম্প-পুত্র।
গত বুধবার হোয়াইট হাউসের সামনে জনসভায় ট্রাম্পের উসকানিমূলক বক্তৃতার পর ক্যাপিটল ভবনে হামলায় চালায় তার সমর্থকেরা। সেসময় কংগ্রেসে অধিবেশনে বসেছিলেন আইনপ্রণেতারা।
নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিক অনুমোদনের জন্য বসা অধিবেশনে এ হামলার ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার স্বীকার হন ট্রাম্প।
সেদিনই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ফের অধিবেশন বসে এবং বাইডেনকে আগামী চার বছরের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়া হয়।
