বেলকুচিতে নৌকার ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ, শ্রীপুরে নির্বাচনী সংঘর্ষে আহত ৩০

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৫:৩৩ এএম

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দলের অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে উভয় পক্ষ থেকে। সংঘর্ষের সময় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল রবিবার দুপুরে পৌর শহরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপি প্রার্থীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়েও হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাজী খান।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকরা আমার লোকদের ওপর হামলা করেছে। বাড়িসহ নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়েছে। আমাকে নির্বাচনী প্রচারণা করতে না দেওয়ার ভয়ভীতি ও হুমকি-ধমকি দিচ্ছে।

তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু বলেন, এসব হামলার সঙ্গে দলের কেউ জড়িত নয়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা শেষে পৌর শহরে শান্তিপূর্ণ মিছিলের সময় বিএনপির মেয়র প্রার্থী ও তার লোকজন হামলা করে।

সংঘর্ষের খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আল মামুন ও শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন বলেন, উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এ ছাড়া, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা ‘বিএনপির প্রার্থী বহিরাগত সন্ত্রাসী শ্রীপুরে এনে জড়ো করছেন’ উল্লেখ করে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন।

অপরদিকে, শ্রীপুরে বিএনপি মনোনীত প্রার্থীর ওপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুরের নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, সিরাজগঞ্জ সদর পৌরসভা নির্বাচনের বর্তমান কাউন্সিলর প্রার্থী ও সাবেক কাউন্সিলরের সমর্থকদের মধ্যে গতকাল রবিবার দুপুরে হামলা-সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

এর আগে গত শনিবার রাতে জেলার বেলকুচি পৌরসভা নির্বাচনের নৌকার মেয়র প্রার্থী বেগম আশানুর বিশ্বাসের দুটি নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সদর থানার পুলিশ জানায়, রবিবার দুপুরের দিকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর আলম ভুট্টো ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম হাসেমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা বলেন, নৌকা প্রতীকের দুই ক্যাম্পে অগ্নিসংযোগের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত