অস্ত্র নিয়ে মাঠে নেমে সরকার পতনের বক্তব্য দেওয়ায় পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনামসহ ৪০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা করা হয়েছে। গত শনিবার রাতে পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ. ক. ম. শামসুজ্জামান চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় এই মামলাটি করেন।
এতে এনাম ছাড়াও আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম, বিএনপি নেতা মফজল আহমদ, খলিলুর রহমান বাবু, আবদুল মোনাফ, নুরুল আবছার, তরিকুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, মো. হায়দারসহ অজ্ঞাত আরও ৪০ জনকে।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়ায় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তাদের ‘অস্ত্র নিয়ে মাঠে নেমে সরকার পতনের আহ্বান’ জানান উপজেলা বিএনপির সম্প্রতি আহ্বায়ক হওয়া এনাম। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বক্তব্যে এনাম বলেন, এ সরকাকে পতন করতে হলে অস্ত্র লাগবে। লাঠি লাগবে। আপনারা খালি হাতে কেউ নামবেন না।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, অস্ত্রসহ মাঠে নেমে সরকার পতনের উসকানিমূলক যে বক্তব্য দিয়েছেন এর বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয়েছে।
