বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ০৬:১৪ এএম

নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রবিবার সারা দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এদিন সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দলের পক্ষ থেকেও তিনি সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুল মতিন খসরু, শাজাহান খান ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি উপলক্ষে এদিন বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া সকালে বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণে দোয়া মাহফিল, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও দুস্থদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে আওয়ামী যুবলীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগ আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন আলোচনা সভা ও ‘সবার ঢাকা অ্যাপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয়ের পূর্ণতা পায় : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বিজয়ের পূর্ণতা পায় বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। গতকাল সকালে দিবসটি উপলক্ষে বিএসএমএমইউতে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি। অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ত্রিশ লাখ শহীদের জীবন ও রক্ত এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ বিজয় লাভ করলেও ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পায়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সমগ্র বাঙালি জাতি সেদিন আনন্দের জোয়ারে ভেসেছিল। আজকের এই ঐতিহাসিক দিনে আমাদের শপথ হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং নিজ নিজ কর্মস্থলে যথাযথ দায়িত্ব পালন করা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত