বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিলে সমাপ্ত হয় এ ম্যারাথন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। প্রতিযোগিতা শেষে হাতিরঝিলের এম্ফি থিয়েটারে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন।
সেনাবাহিনী প্রধান সমাপনী বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে করোনা মহামারীর মাঝেও বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশা করেন। প্রতি বছর ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আয়োজনের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ ম্যারাথন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন অ্যান্ড ডিসটেন্স রেসেস (এইমস) এবং আন্তর্জাতিক অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের (এএএ) কর্তৃক স্বীকৃত।
