বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিত হতে যাচ্ছে ‘মুক্তি’ নামের চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই। এই সিনেমায় ইফতেখার চৌধুরী নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছেন। ‘মুক্তি’ সিনেমায় নবাগত রাজ রিপাকে মুক্তির চরিত্রে দেখা যাবে।
১১ জানুয়ারি, সোমবার থেকে সিনেমাটির দৃ্শ্যধারণের কাজ শুরু হয়েছে। রূপগঞ্জ, গাজীপুর ও নোয়াখালীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হবে।
পরিচালক জানান, আজ থেকে ‘মুক্তি’ সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। আশা করছি ভালো একটা প্রোজেক্ট হবে। সবাই দোয়া করবেন।’
পরিচালক আরও জানান, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুনপরীক্ষা বাছাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার ‘মুক্তি’ সিনেমার জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। আর তাই রাজ রিপাকেই ‘সিনেবাজ’ প্রতিষ্ঠানের নায়িকা হিসেবে গ্রহণ করি। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত গুণাবলি থাকা দরকার তা আমরা রাজ রিপার মধ্যে পেয়েছি।’
নবাগত এই নায়িকার বিপরীতে সাতজন নায়ককে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাত নায়কের নাম প্রকাশ করেন পরিচালক। সাত নায়ক হলেন কায়েস আরজু, আমান রেজা, রাশেদ মামুন অপু, আদর আজাদ, সাইফ খান, ক্রিস্টিয়ানো তন্ময় ও আরেফিন জিলানি। অতিথি চরিত্রে থাকবেন আনিসুর রহমান মিলন ও খিজির হায়াত খান।
মুক্তির চরিত্রটির কাহিনি সম্পর্কে পরিচালক বলেন, ‘নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকেরা খুঁজে পাবেন।’
রাজ রিপা বলেন, ‘‘আমি ‘মুক্তি’ সিনেমায় যে চরিত্রটিতে অভিনয় করছি, সেই চরিত্রটি ১৭ থেকে ১৮ বছরের একজন নারী। এই চরিত্রের জন্য নোয়াখালীর ভাষা শিখেছি। নিজে আরও গ্রুমিং করেছি। ইফতেখার স্যার আমাকে মার্শাল আর্ট শেখার ব্যবস্থা করে দিয়েছেন। বলতে পারেন চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সবই করেছি।’
