গাজীপুর মহানগরীর টঙ্গীর বিসিক এলাকার রেডিসন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
সোমবার একজনকে মারধরের প্রতিবাদে কারখানাটির পাঁচ শতাধিক শ্রমিক মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়।
শ্রমিকরা জানান, তুচ্ছ বিষয় নিয়ে গত বৃহস্পতিবার কারখানার ভেতরে সুইং সেকশনের শ্রমিক রনি ও লাইনচিফ সোলেমানের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই দিন রাতেই বাসায় ফেরার পথে বহিরাগত লোকজন কারখানার সামনে রনিকে মারধর করে। শনিবার শ্রমিকরা ওই কর্মকর্তাকে অপসারণের দাবি জানালে আপত্তি জানায় কারখানা কর্তৃপক্ষ। পরদিন মূল ফটকে কারখানা বন্ধের নোটিস সাঁটিয়ে দেয় কর্তৃপক্ষ।
নোটিসে বলা হয়, বেআইনি ধর্মঘট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানাটির উৎপাদন বন্ধ করা হয়েছে। এ অবস্থায় কারখানাটি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব নয়। শ্রমিকরা আরও জানান, কারখানা কর্তৃপক্ষ ন্যায়বিচার করেনি। তারা সোলেমানের অপসারণ চান।
এ বিষয়ে কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা এনামুল হক বলেন, শ্রমিকদের এ অন্দোলনটি অযৌক্তিক। তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি দক্ষিণ) মো. নূরে আলম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।
