শ্রীপুর পৌরসভা নির্বাচন

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকির অভিযোগ

আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ০১:২৬ এএম

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন মেয়র পদে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. কাজী খান। গতকাল সোমবার বিকেলে তিনি তার নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

কাজী খান বলেন, গতকাল সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বৈরাগীরচালা ভোটকেন্দ্রের আশপাশে ধানের শীষের সমর্থক নেতাকর্মীদের বাড়িসহ সাধারণ ভোটারদের বাড়িতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমানের ছোট ভাই হাফিজুর রহমানের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা দা, লাঠি, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি এবং ধানের শীষের পক্ষের কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিত আবেদন জানিয়েছেন।

তবে আনিছুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা বা হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি তাদের অভ্যন্তরীণ কোন্দলের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে চায়।

এদিকে গত রবিবার কাজী খানের ওপর হামলা এবং নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করা হয়েছে। অন্যদিকে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত