নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ

বাড়ি বাড়ি নারিকেল চারা বিতরণ করছেন নবনির্বাচিত মেয়র

আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ০১:৪৮ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাড়ি বাড়ি নারিকেল গাছের চারা বিতরণ শুরু করেছেন নারিকেল গাছ প্রতীক নিয়ে নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা ইকরামুল হক। শপথ গ্রহণের আগেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পৌর শহরের প্রতিটি বাড়িতে নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার পীরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন ইকরামুল। এ সময় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হামিদ, পীরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানসহ কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন ইকরামুল। নির্বাচনী প্রচারণায় পীরগঞ্জ পৌরসভাকে আধুনিকায়ন, প্রত্যেকটি ওয়ার্ডে অভিযোগ বাক্স স্থাপন, পৌর শহর মাদকমুক্ত করাসহ নানা প্রতিশ্রুতির পাশাপাশি পৌরসভার প্রত্যেকটি বাড়িতে একটি করে নারিকেল গাছের চারা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এতে ব্যাপক সাড়া পান এবং বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন ইকরামুল। সিক্ত হন ভোটারদের ভালোবাসায়। তাই নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষার্থে শপথ গ্রহণের আগেই বাড়ি বাড়ি নারিকেল গাছের চারা পৌঁছে দিচ্ছেন তিনি।

পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা ইকরামুল হক জানান, এবারের নির্বাচনে নারিকেল গাছ মার্কায় ভোট দিয়ে জনগণ আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধম পর্যায়ে শহরের প্রায় ৮ হাজার বাড়িতে নারিকেল গাছের চারা পৌঁছে দেব। সুস্থ থাকলে পৌরসভার প্রতিটি বাড়িতেই নারিকেল গাছের চারা পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া ২১ ফেব্রুয়ারিতে ২১টি, ২৬ মার্চে ৭১টি, ১৬ ডিসেম্বরে ১৬টি নারিকেল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানান নতুন এই মেয়র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত