বেতের ঝোপে নিয়ে নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ০৮:৫০ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক বেতের ঝোপে নিয়ে ৩১ বছর বয়সের এক নারীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শুক্রবার ভোরে মামলার পর ২ ও ৩ নম্বর আসামি নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মালতকান্দি গ্রামের বকসু ফকিরের ছেলে শুভ ফকির (২৫) ও আজিজুল কাজির ছেলে আরিফ কাজিকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারী নড়িয়া থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ওই নারী ২০২০ সালের ২৪ অক্টোবর রাজনগর ইউনিয়নের ঠাকুকান্দি গ্রামের মোতালেব মালতের ছেলে রাশেদ মালতের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (ধর্ষণ) মামলা করেন। সেই মামলা তুলে নেওয়া ও মীমাংসার জন্য বর্তমান মামলার প্রধান আসামি বিল্লাল কাজি (৩৫) মাঝে মধ্যেই ওই নারীকে ফোন করত। বৃহস্পতিবার ওই নারীকে বিল্লাল ফোন করে ডেকে নিয়ে রাজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলীউজ্জামান মীর মালত ও তার ছেলে সজীব মীর মালতের উপস্থিতিতে রাশেদ মালতের সঙ্গে রেজিস্টারি কাবিন (বিয়ে) পড়ানোর কথা বলে।

বিকেল ৫টার দিকে ওই নারী রাশেদ মালতের বাড়ি গিয়ে অপেক্ষা করতে থাকে। চেয়ারম্যান ও তার ছেলে এলাকায় না থাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিল্লাল, আরিফ ও শুভসহ অজ্ঞাত ২/৩জন ওই নারীকে জোরপূর্বক বাড়ির পূর্বপাশের সরিষা খেত সংলগ্ন বেতের ঝোপে নিয়ে গিয়ে তাকে দলবদ্ধ ধর্ষণ করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন। মামলার ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত