রাজধানীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে একজন আহত

আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ০৯:২০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রনি (১৬) নামের আরেক কিশোর আহত হয়েছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুরের প্রেমতলা নাদির খানের মাজারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ অষ্টগ্রাম উপজেলার রাওরা গ্রামের আইন উদ্দিনের ছেলে রনি। তিন ভাইবোনের মধ্যে বড় রনি পরিবারের সঙ্গে মোহাম্মদপুর সাদেকখান রোডে ক্যানসার গলির সমিতি বাড়ি থাকে। ধানমন্ডি-২৭ এ সুপার শপ ‘মিনা বাজারে’ পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে সে।

আহত রনি জানায়, কাজ শেষ করে বিকেলে বাসায় যায় সে। এরপর খাবার খেয়ে ২-৩ জন বন্ধু মিলে এলাকাতেই হাঁটতে বের হয়। বাসার অদূরেই প্রেমতলা নাদির খানের মাজারের সামনে ১০-১২জন কিশোর তাদের সঙ্গে কোনো কারণ ছাড়াই বাগ্‌বিতণ্ডায় জড়ায়।

এরপর রনিসহ তার বন্ধুদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিলে তাদের মধ্যে একজন রনির পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্বজনেরা খবর পেয়ে রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। ঘাতকদের সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না। তারা একই এলাকার হিরার বস্তিতে থাকে বলে জানায় রনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রনির পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে জরুরি বিভাগে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত