পঞ্চম শ্রেণি : বাংলা প্রথম পত্র
শিক্ষক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
বিষয় : সুন্দরবনের প্রাণী
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১. ক্যাঙারু ও সিংহ বললেই কোন কোন অঞ্চলের কথা মনে পড়ে?
উত্তর : ক্যাঙারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে পড়ে আর সিংহ বললেই মনে পড়ে আফ্রিকার কথা।
২. সুন্দরবনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো।
উত্তর : সুন্দরবনের বাঘের নাম রয়েল বেঙ্গল টাইগার। এই বাঘের চেহারা ও স্বভাব রাজার মতো। তাই এর নাম রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে এদের বাস। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে গোলপাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি ভয়ংকরও। এরা জীবজন্তু শিকার করে জীবনধারণ করে, সুযোগ পেলে মানুষও খেয়ে ফেলে।
৩. দেশের জন্য পশুপাখি, জীবজন্তু কী উপকার করে তা নিজের ভাষায় লেখো।
উত্তর : পশুপাখি ও জীবজন্তু দেশের উপকার করে। যেমন এরা পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এদের থেকে ডিম, দুধ, মাংস ইত্যাদি পাওয়া যায়। এগুলো আমাদের পুষ্টির চাহিদা মেটায়। অর্থনৈতিক সমৃদ্ধি আনে।
৪. শকুন কীভাবে মানুষের উপকার করে?
উত্তর : মানুষের জন্য ক্ষতিকর বস্তু শকুন খাবার হিসেবে গ্রহণ করে মানুষের উপকার করে। এর ফলে আমরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা থেকে রক্ষা পাই। এভাবে শকুন মানুষের উপকার করে।
৫. জীবজন্তু, পাখি, গাছপালা না থাকলে প্রকৃতির কী বিপর্যয় ঘটবে?
উত্তর : জীবজন্তু, পাখি, গাছপালা পরিবেশের অপরিহার্য উপাদান। এরা না থাকলে প্রকৃতিতে নানা বিপর্যয় ঘটবে। বন্যা, খরা, ঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। এতে মানুষের জীবন মারাত্মক হুমকিতে পড়বে।
৬. সুন্দরবন কীসের কোলঘেঁষে গড়ে উঠেছে?
উত্তর : সুন্দরবন সমুদ্রের কোলঘেঁষে গড়ে উঠেছে।
৭. সুন্দরবনে রয়েছে এমন চারটি প্রাণী ও চারটি উদ্ভিদের নাম লেখো।
উত্তর : প্রাণী বাঘ, হরিণ, কুমির ও বানর।
উদ্ভিদ : কেওড়া, সুন্দরী, গেওয়া ও গোলপাতা।
৮. সুন্দরবনের কোন কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে?
উত্তর : সুন্দরবনের ওলবাঘ, চিতাবাঘ, গণ্ডার, হাতি, বুনো শুয়োর ইত্যাদি প্রাণী ছিল। এগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে।
৯. সুন্দরবনের প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে কেন?
উত্তর : সুন্দরবনের প্রাণীগুলো সমগ্র পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে। এ প্রাণীগুলো তাই আমাদের অমূল্য সম্পদ। এরা বিলুপ্ত হয়ে গেলে পরিবেশে নানা বিপর্যয় দেখা দেবে। তাই এ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।
১০. বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায়?
উত্তর : বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ছাড়াও জামালপুর ও শেরপুর অঞ্চলের গারো পাহাড়ে হাতি দেখা যায়।
১১. শকুন কোথায় বাসা করে?
উত্তর : শকুন গাছের ডালে বাসা করে।
