চাঁদপুরে সেনাপ্রধান

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ০১:৪১ এএম

মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, ‘তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, এই মুহূর্তে সীমান্ত এলাকায় কোনো শঙ্কা নেই।’

গতকাল রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকী এলাকায় সেনাপ্রধানের পিতা আবদুল ওয়াদুদ সরকারের নামে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আমি একাধিকবার মিয়ানমার ভিজিটে গিয়েছি। সে সময় মিয়ানমারের সেনাপ্রধান ছাড়াও তাদের নৌ ও বিমানবাহিনী প্রধানরা সেই দ্বিপক্ষীয় মিটিংয়ে ছিলাম। তখন আমাকে তারা আশ্বাস দিয়েছে যে, তাদের সীমান্তবর্তী এলাকায় তাদের অভ্যন্তরীণ সমস্যা থাকায় তারা অভিযান চালাচ্ছে। যার কারণে তাদের সীমান্তে মাঝেমধ্যে জনবল বৃদ্ধি করছে। তাদের সঙ্গে বাংলাদেশের বন্ধুপ্রতিম সম্পর্ক রয়েছে।’

জেনারেল আজিজ বলেন, ‘আমাদের সঙ্গে মিয়ানমারের সেনাপ্রধানের যোগাযোগ আছে। যখনই কোনো কিছু হয়, তা যোগাযোগের মাধ্যমে সমাধান করে থাকি। এই মুহূর্তে তেমন কিছু হওয়ার মতো পরিস্থিতি নেই।’

এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়টি রাজনৈতিক। এ ব্যাপারে আমাদের সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে, আগামী দিনেও করবে।’

তিনি বলেন, ‘সাংবিধানিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু দায়বদ্ধতা রয়েছে। দেশের যেকোনো প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত যেকোনো কাজ করতে আমরা বাধ্য। এই করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা কাজ করে যাচ্ছি। জীবনের ঝুঁকি নিয়ে ১১০০-১২০০ গাড়ি নিয়ে সেনাসদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছে। মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য সহায়তা প্রদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সেনাবাহিনী করোনার ন্যায় অতীতেও বিভিন্ন দুর্যোগে দায়িত্ব পালন করেছে, ভবিষ্যতেও যদি কখনো কোনো দায়িত্ব আসে তা যথাযথভাবে পালন করবে।’

আবদুল ওয়াদুদ সরকার ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণে ব্যয় হয়েছে ৪ কোটি ৬৯ লাখ টাকা।

অনুষ্ঠানে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুরের পুলিশ সুপার মাহবুবুর রহমান, চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত