চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আশির দশকের ছাত্রনেতা তারেক সোলায়মান সেলিম (৫৭) মারা গেছেন।
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে সাত মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার দুপুর ২টার দিকে ঢাকার মিরপুরের ডেলটা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক কর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত তারেক সোলায়মান সেলিমের ছেলে মোহাইমিন তারেক রাতুল বলেন, আব্বার শরীরে ক্যানসার ধরা পড়ে গত বছরের জুন মাসে। ভারতে এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হলেও বাবাকে বাঁচিয়ে রাখতে পারিনি। মঙ্গলবার বাদ জোহর নগরীর পুরাতন রেলস্টেশন ময়দানে আব্বুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তারেক সোলায়মান সেলিম ১৯৯৪ সাল থেকে পরপর চারবার চসিকের কাউন্সিলর নির্বাচিত হন। এছাড়াও তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।
তারেক সোলায়মান সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া আরও শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।
