‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচির আওতায় খুলনা বিভাগীয় পর্যায়ে ২০১৯-২০ অর্থবছরের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর খুলনা পাবলিক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা ঢাকা শিশু একাডেমি হতে অনলাইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন।
অনুষ্ঠানে খুলনা বিভাগে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের হাতে প্রধান অতিথির পক্ষে পুরস্কারের চেক, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
খুলনা বিভাগের ১০ জেলা হতে নির্বাচিত ৫০ জয়িতার মধ্য হতে বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ঝিনাইদহের লাভলী ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নড়াইলের ড. শেখ মুসলিমা মুন, সফল জননী নারী ক্যাটাগরিতে খুলনার রাবেয়া বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে নড়াইলের সানজিদা রহমান আদরী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে খুলনার অঞ্জনা বালা বিশ্বাস। এ সময় নির্বাচিত পাঁচজন রানারআপ জয়িতা এবং খুলনা বিভাগের জেলা পর্যায়ে নির্বাচিত সব জয়িতাকে সম্মাননা স্মারক, পুরস্কারের চেক ও সনদ প্রদান করা হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন। এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল মোক্তাদের, জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন প্রমুখ উপস্থিত ছিলেন।
