বাংলাদেশে কাজের অনুমতি পেয়েছেন বিজন কুমার শীল

আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ০১:১৬ এএম

বাংলাদেশে কাজ করার অনুমতি পেয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিআইডিএ) তাকে অনুমতি দেওয়ার বিষয়ে অবগত করেছে। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন ড. মহিবুল্লাহ খন্দকার।

তিনি বলেন, এ সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরে বিজন কুমার শীলের কাছে পাঠানো হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে শিগগিরই দেশে এসে গণস্বাস্থ্যে যোগ দেবেন তিনি।

ড. বিজন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হলেও তিনি আগেই বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এতদিন বাংলাদেশে তার কাজ করতে অসুবিধা না হলেও জুলাইয়ে ইমিগ্রেশন বিভাগ বলে দেয়, বিদেশি নাগরিক হিসেবে কাজের অনুমতি না নিয়ে তিনি কাজ করতে পারবেন না। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে গত ১ ফেব্রুয়ারি ভাইরোলজি বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দেন তিনি। একই সঙ্গে তিনি গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালের প্রধান বিজ্ঞানী হিসেবেও কাজ করছিলেন।

ড. বিজন গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে টুরিস্ট ভিসায় আসেন। সেই ভিসার মেয়াদ আরও এক বছর বাড়ানো হলেও বলে দেওয়া হয় এখানে কাজ করতে হলে অনুমোদন লাগবে। তিনি ২০০২ সালে সিঙ্গাপুরে গিয়ে সেখানকার সিভিল সার্ভিসে যোগ দেন। ওই দেশের নিয়ম অনুযায়ী সেখানকার সিভিল সার্ভিসে চাকরি করতে হলে সে দেশের নাগরিক হতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত