বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাধারণ মানুষ করোনাভাইরাসের টিকা কীভাবে কতটা পাবে, সে বিষয়ে তার সংশয় আছে বলে জানিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবার করে বলেছিলাম, ভ্যাকসিন নিয়ে একটা পরিকল্পনা দেওয়া হোক, একটা রোডম্যাপ দেওয়া হোকÑ তার কোনোটাই দেওয়া হয়নি। সাধারণ মানুষ ভ্যাকসিন পাবে কি না এ ব্যাপারে আমরা একদম নিশ্চিত নই।’
তিনি বলেন, ‘করোনার টিকা কিন্তু ধনিক শ্রেণি পাবে, সেটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। এজন্যই আমরা মনে করি এ সরকার জনগণের বিরুদ্ধে একটা সরকার, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে।’
