ভিআইপিদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই- স্বাস্থ্যমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
তার মতে, আগে গরিবদের ওপর টিকা প্রয়োগ করে দেখা হবে তারা বাঁচে না মরে।
রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগে টিকা নিয়েছেন। এমনকি দেশটির শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিও নিয়েছেন।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিনামূল্যে স্বাস্থ্যসেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।
রিজভী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী নিজেরাতো নিরাপত্তার চাদরে ঢাকা থাকেন। ভাইরাস যেন কোনো ফাঁক দিয়ে বেহুলার বাসর ঘরে সাপ ঢোকার মতো না ঢুকতে পারে প্রধানমন্ত্রীও ঠিক সেভাবেই আছেন। একইভাবে রয়েছেন ওবায়দুল কাদেরও। তাই ভিআইপিদের আগে গরিবদের ওপর টিকা প্রয়োগ করে দেখবেন গরিবরা বাঁচে না মরে।’
তিনি বলেন, ‘আগে গরিব মানুষের ওপর এরা ভ্যাকসিন প্রয়োগ করবে। ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে কয়েক জায়গায় মানুষ মারা গেছে। যদিও তারা বলেছে, এটা ভ্যাকসিনের কারণে নয়। ভ্যাকসিন নেওয়ার পর তো মারা গেছে। আর ওনারা বলেন, ভিআইপিরা আগে পাবে না।’
সরকারকে উদ্দেশ করে বিএনপি মুখপাত্র বলেন, ‘যাদের কাছ থেকে ভ্যাকসিন নিচ্ছেন, তারা তো আপনাদেরকেই বন্ধু মনে করে; বাংলাদেশের আর কাউকে বন্ধু মনে করে না। তো এই ভ্যাকসিনের ওপর আমাদের সন্দেহ থাকবে না কেন? আমাদের সন্দেহ, সংশয় সব রয়েছে।’
তিনি বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী, আপনি ভ্যাকসিন গবেষণা টেস্ট হিসেবে গরিবদের ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন। আপনাদের শরীরে কি প্রতিক্রিয়া হচ্ছে। তারপর গরিবদের দেওয়ার চেষ্টা করেন। যদি দেখেন এটার যথাযথ উপকার হয়, তারপর গ্রামে-গঞ্জে পাঠানোর ব্যবস্থা করুন।’
রিজভী বলেন, ‘ভোটকেন্দ্রের মতো নাকি ভ্যাকসিনের কেন্দ্র করা হবে। তাহলে তো এই সরকারের যে বৈশিষ্ট্য ভোটকেন্দ্র মানেই তো ভোটাররা যেতে পারবে না। তাহলে আওয়ামী লীগের লোকেরা এই ভ্যাকসিন পাবে এবং তারা যাদের সুপারিশ করবে কেবল তারাই তো ভ্যাকসিন পাবে।’
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবদুল খালেক, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
