রপ্তানিমুখী শিল্পের প্রযুক্তিগত উন্নয়নে এক হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উদ্যোক্তারা এ তহবিল থেকে ৫ থেকে ৬ শতাংশ সুদহারে ঋণ নিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ তহবিল গঠনের সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের রূপকল্প ২০২১, ২০২৪ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং রূপকল্প ২০৪১ মোতাবেক দেশকে উন্নত করতে হলে মাথাপিছু রপ্তানি আয় এবং জিডিপিতে রপ্তানি আয়ের পরিমাণ বাড়াতে হবে। সেক্ষেত্রে রপ্তানিমুখী শিল্প খাতের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নের বিকল্প নেই। এ জন্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিমুখী শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও টেকসই অধিকতর বৃদ্ধিকল্পে পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া, জ্বালানি সাশ্রয় ও দক্ষতা, কর্মপরিবেশ উন্নয়ন এবং উৎপাদন যন্ত্রপাতি/মেশিনারিজ ও প্রযুক্তির আধুনিকায়ন প্রয়োজন। রপ্তানি নীতির আওতায় সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া ও বিশেষ উন্নয়নমূলক খাতের পাশাপাশি আরও ১১টি খাতে এই ঋণ বিতরণ করা যাবে। খাতগুলো হচ্ছে সংশ্লিষ্ট শিল্পের মুখ্য উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি; বিজনেস প্রসেসিং রি-ইঞ্জিনিয়ারিং/বিজনেস প্রসেস অটো-সংক্রান্ত; অপারেশন ম্যানেজমেন্ট; বর্জ্য ব্যবস্থাপনা; বায়ু ব্যবস্থাপনা; তাপ ব্যবস্থাপনা; কর্মপরিবেশ (অগ্নিব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা) ব্যবস্থাপনা; পানি ব্যবহার ব্যবস্থাপনা; মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনাসংক্রান্ত আধুনিক প্রযুক্তি; হিসাবায়ন ও ইনভেনটরি ব্যবস্থাপনা; বিপণন, বিক্রয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা প্রক্রিয়ার অটোমেশন।
×
