কোকোকে হত্যা করা হয়েছে: অভিযোগ মির্জা ফখরুলের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ০৭:৪৩ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক নয়, তাকে হত্যা করা হয়েছে। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের মদদে তৎকালীন সরকার তাকে গ্রেপ্তার করে নির্যাতন করে। নির্যাতনের ফলশ্রুতিতেই কোকো মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।’ 

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আয়োজিত আলোচনাসভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোকো ছিলেন একজন পুরোদস্তর ক্রীড়া সংগঠক। তিনি কখনো খেলার ভেতরে রাজনীতিকে অন্তর্ভূক্ত করেননি। দায়িত্বে থাকা অবস্থায় কোকো ক্রীড়া ক্ষেত্রে অনেক কাজ করেছেন। বর্তমান সরকারের কর্তাব্যক্তিদের মদদেই তৎকালীন মইন উদ্দিন-ফখরুদ্দিন সরকার তাকে গ্রেপ্তার করে। রিমান্ডে নিয়ে নির্যাতন করে। তারই ফলশ্রুতিতে মানসিকভাবে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যা।’

তিনি বলেন, ‘কোকোর ক্রীড়া ক্ষেত্রে দূরদৃষ্টির কারণে বাংলাদেশের ক্রিকেট আজ এ পর্যায়ে এসেছে। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে যে দুর্নীতির মহোৎসব করছে জাতীয়তাবাদী শক্তির উত্থানের মধ্যে দিয়ে তা একদিন নিশ্চয়ই দূর হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালামের সভাপতিত্বে ও বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন পরিষদের মহাসচিব মহিউদ্দিন বুলবুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মনজুর হোসেন মালু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, বিসিবির সাবেক যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম, সুইমিং ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত