বিশ্রাম শেষে দীর্ঘ অনুশীলনে মুমিনুল-মুশফিকরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০১:৫৩ এএম

উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর হালকা মেজাজেই ছিল বাংলাদেশ। তাই গত মঙ্গলবার টেস্ট উপলক্ষে প্রস্তুতি শুরুর দিন ঢিলেঢালা অনশীলন করেন ক্রিকেটাররা। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে বুধবার ছিল বিরতি। বায়ো-বাবলে থেকে টানা খেলার ধকল সামলাতে বিশ্রামের প্রয়োজন ছিল ক্রিকেটারদের। একটি দিনের সেই বিশ্রাম কাটিয়ে ঝরঝরে মন ও শরীরে বৃহস্পতিবার লম্বা সময় অনুশীলন করলেন মুমিনুল-তামিম-মুশফিকরা।

টেস্টে বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরি একমাত্র মুশফিকুর রহিমের। উইকেটরক্ষকের দায়িত্ব ছাড়ার পর ব্যাটিং নিয়ে আরও বেশি ব্যস্ততা তার। লম্বা পরিসরের ক্রিকেটে শুধু ব্যাটসম্যান বনে যাওয়ার পর ভারত ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সিরিজেই দলের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। সেই খেলার ধারাবাহিকতা ধরে রাখতেই অনুশীলনে আরও বেশি মনোযোগী মুশফিক। গতকাল সকাল ১০টায় সাগরপাড়ের সাগরিকায় তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত ও সাদমান ইসলামের সঙ্গে উপস্থিত তিনি। শুরুতেই ব্যাটিংয়ে। মাঠের দুই প্রান্তের চারটি অনুশীলন পিচে চার ব্যাটসম্যানের শুরু।

তামিমের পর অভিজ্ঞদের মধ্যে মুশফিকের পরিশ্রম ছিল দেখার মতো। শুরু করেছেন পেসারদের বিপক্ষে। ওয়ানডে দলের সদস্য হাসান মাহমুদ দলের সঙ্গেই ছিলেন। উইন্ডিজ পেসারদের সামলানো রপ্ত করতেই বাড়তি পেসার অনুশীলনে রাখা। সেই হাসান মাহমুদের বলেই একবার বোল্ড হয়ে গেলেন মুশফিক। এরপর এই তরুণের বলে বেশ দেখেশুনেই ব্যাট চালিয়েছেন। পেসার এবাদত হোসেনের বল মনমতো না হওয়ায় তাকে জায়গা মতো বল করার কথাও বললেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। পেসারদের বিপক্ষে ১৫ মিনিটের মতো কাটিয়ে এলেন স্পিনারদের নেটে। স্পিন তো এমনিতেই ভালো খেলেন মুশফিক। নেটে স্বভাবসুলভ সাবলীল ব্যাটিংই করলেন। তবে ওয়ানডে সিরিজে সাত উইকেট নিয়ে ফর্মে ফেরা মেহেদি হাসান মিরাজের বলে ভুগতে হয়েছে মুশিকে। কখনো এলবি, কখনো শর্ট লেগ ও মিড উইকেটে ক্যাচ তুলে দিয়েছেন। তাতে মিরাজের সে কি উল্লাস! এরপর নেটের উত্তরপ্রান্তে আগে থেকে সেট করে রাখা গ্রানাইটে ব্যাট করতে গেলেন। দুটি গ্রানাইটের পাত দুই দিকে মুখ করে পাতা। তাতে যেভাবেই বল ছুড়ে ফেলা হোক না বল একবার ইনসুইং আবার আউটসুইং হয়ে আসে। এক সহযোগীকে বল ওই গ্রানাইটে ছুড়তে বলে একের পর এক বাউন্সার সামলানোর অনুশীলন করে গেলেন মুশফিক।

মুশফিকের আগে এভাবেই অনুশীলন করে গেছেন তামিম। এরপর একই নেটে আসেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। করোনার পর ইনজুরির কারণে লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা মুমিনুল এই সিরিজ দিয়েই মাঠে ফিরবেন। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুমিনুলের ভালো অনুশীলন দরকার। তা নিশ্চিত করতেই যেন গ্রানাইটের নেটে যাওয়ার আগে কোচ ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুকের টেস্ট অধিনায়ককে নিয়ে ব্যস্ততা। একের পর এক বল থ্রো করে গেলেন দুজনে। নিজের শটগুলো ঠিক করে নিচ্ছিলেন। কোনো কিছু ভুল হলে ডমিঙ্গো শুধরে দিচ্ছিলেন। পরে গ্রানাইটের নেটে রায়ান কুক বল থ্রো করেন মুমিনুলকে। সেখানে বাউন্সারে শট নেওয়ায় কিছু সমস্যা হচ্ছিল মুমিনুলের। তা শুধরে দেন ফিল্ডিং কোচ রায়ান কুক-ই। ওই সময় মুশফিক মাঠের মাঝ বরাবর ওই সহযোগীকে নিয়ে সুইপ-রিভার্স সুইপ অনুশীলনে ব্যস্ত। একই সময়ে টেস্টের প্রাথমিক দলে থাকা সাইফ হাসান, ইয়াসির আলি, সাদমানরা পালা করে ব্যাটিং অনুশীলন করেন। শেষ দিকে বোলাররাও কয়েক রাউন্ড করে ব্যাটিং অনুশীলন করে যান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত