তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রোহিঙ্গা দল

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০২:১৯ এএম

তৃতীয় দফায় ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে রোহিঙ্গাদের একটি দল। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ অস্থায়ী ট্রানজিট ক্যাম্প থেকে এসব রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। গতকাল ও আজ শুক্রবার দুদিনে আরও সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। কক্সবাজারের উখিয়া-টেকনাফ থেকে ভাসানচরে এটি হচ্ছে তৃতীয় দফায় এবং বৃহৎ সংখ্যায় রোহিঙ্গা স্থানান্তর।

সংশ্লিষ্টরা জানায়, সি-লাইন সার্ভিসের ২০টি মিনিবাস ও মাল বহনকারী ১০টি ডাম্পার ট্রাকের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্প থেকে প্রায় এক হাজার রোহিঙ্গাকে ট্রানজিট পয়েন্ট উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আনা হয়। রোহিঙ্গাদের এই দলটিকে প্রথমে চট্টগ্রাম নিয়ে পরে সমুদ্রপথে জাহাজে করে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা জানান, রোহিঙ্গাদের আজ (গতকাল) চট্টগ্রামে নৌবাহিনীর তত্ত্বাবধানে রাখা হবে। কাল (আজ) শুক্রবার কর্ণফুলী নদী হয়ে নৌযানে ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

রোহিঙ্গাসংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক তাদের ২০টি বাসযোগে বিভিন্ন আশ্রয় শিবির থেকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা শুরু হয় বুধবার বিকেলে। সেখানে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোহিঙ্গা শিবিরে কর্মরত কর্মকর্তাদের ব্যবস্থাপনায় ছিলেন।

এর আগে গত ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ভাসানচরে যায় ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা। এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ রোহিঙ্গা ভাসানচরে গেছে। আগে মালয়েশিয়া যেতে গিয়ে সমুদ্র উপকূলে আটক আরও তিন শতাধিক রোহিঙ্গাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল। এদের মাধ্যমে উখিয়া-টেকনাফে অবস্থান করা রোহিঙ্গারা ভাসানচরের সুযোগ-সুবিধা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে স্বেচ্ছায় সেখানে যেতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করাচ্ছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত