রাজ্জাকের ‘মস্তিষ্কের ভেলকির’ অপেক্ষায় মাশরাফী

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ০৪:০২ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৃতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক তার কাজে সফল হবেন বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। রাজ্জাককে শুভেচ্ছা জানাতে গিয়ে মাশরাফী বলেছেন, এবার সবাই তার মস্তিষ্কের ভেলকি দেখতে পাবে।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেইসবুক পেজে মাশরাফী লিখেছেন, ‘হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে সেটা হলো তুই ক্রিকেট কত গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস।’

‘এত দিন বা হাতের ভেলকি দেখেছে সবাই এবার দেখবে তোর মস্তিষ্কের, যা নিয়ে কোনো দিনও আমার সংশয় ছিল না ‘

রাজ্জাককে ‘যথাযথ সম্মান’ দেয়ার জন্য বোর্ডকে ধন্যবাদও জানিয়েছেন মাশরাফী।

রাজ্জাক এখনো ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি। অনেক দিন জাতীয় দলে সুযোগ না হলেও ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণভাবেই সক্রিয়, নেতৃত্বও দেন নিয়মিত।

সবশেষ জাতীয় লিগে ৩১ উইকেট নিয়ে ও বিসিএলে ২২ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি।

গত মার্চে থমকে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগেও খেলছিলেন তিনি মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে। নির্বাচক হওয়ার পর ৩৮ বছর বয়সী স্পিনারের খেলোয়াড়ি অধ্যায়ের এখানেই শেষ হতে পারে।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারি বাংলাদেশের একমাত্র বোলার রাজ্জাক, তার উইকেট সংখ্যা এখন ৬৩৪। ৪১ বার নিয়েছেন ৫ উইকেট, ম্যাচে ১০ উইকেট ১১ বার। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিয়েছেন ৪১২ উইকেট। সেরা বোলিং ১৭ রানে ৭ উইকেট।

ওয়ানডেতে দুইশ উইকেট শিকারি প্রথম বোলার তিনিই। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ৩৯০ উইকেট। হ্যাটট্রিক আছে ওয়ানডেতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত