সন্দ্বীপে জেটি উদ্বোধন

জিয়া-এরশাদ-খালেদা দেশকে উল্টোপথে চালিয়েছে : খালিদ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০৩:৫০ এএম

জিয়া-এরশাদ-খালেদা ২১ বছর দেশকে উল্টোপথে চালিয়েছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘উন্নয়নে তাদের কোনো স্বপ্ন ছিল না। গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সঠিকপথে পরিচালিত করেছেন।’

গতকাল শুক্রবার চট্টগ্রামের সন্দ্বীপে ‘দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশ আজ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী দিন বদলের সনদ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের প্রতিটি মানুষ মনে করে দিন বদল হয়েছে। প্রধানমন্ত্রী শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়ন করেন। তার নেতৃত্বে আমাদের টাকায় পদ্মা সেতু হচ্ছে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর কর্মকা- শুধু দেশে নয়; সমগ্র বিশ্বে প্রশংসিত হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ‘রোল মডেল’। প্রধানমন্ত্রীর উন্নয়ন আর পজিটিভ চিন্তাগুলো আগামী আট বছরে শুধু রোল মডেল নয়, বাংলাদেশ হবে একটি উন্নত মানবিক বাংলাদেশ। প্রতিমন্ত্রী বলেন, সন্দ্বীপে বিশেষ অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে এখানে বিদেশি বিনিয়োগ হবে। এই এলাকার খাল খনন ও ইকোপার্ক নির্মাণসহ যেসব দাবি স্থানীয় জনগণ করছে তা বাস্তবায়ন হয়ে যাবে। এখানে ইকোপার্ক হলে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরাও আসবেন।

জেটি উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মাহফুজুর রহমান বলেন, এখানে ডুবে আমার দাদা মারা গেছেন। আমার ফুফু মারা গেছেন। আমি নিজেও এখানে দুর্ঘটনার শিকার হয়েছি। সন্দ্বীপের বাসিন্দা কানু মিয়া বলেন, আগের জেটি ভেঙে গেছে। ওখান দিয়ে হাঁটাহাঁটিও করা যায় না। অর্ধেক গিয়ে আবার এই কাদার মধ্যে হাঁটতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত