২০২০-এর ২৯ জানুয়ারি স্পোর্টিং লিসবন ছেড়ে ৮ কোটি ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। এক বছর পূর্ণ হলো শুক্রবার। গত বছর ২৫ রাউন্ড থেকে প্রিমিয়ার লিগ খেলা শুরু করেন। তিনি মাঠে নামার পর থেকে যেন জেগে ওঠে ম্যানইউ। নিচ থেকে উঠে এসে শেষ পর্যন্ত ৩-এ থেকে মৌসুম শেষ করে।
পর্তুগিজ মিডফিল্ডারের কারণে এবারও দারুণ অবস্থায় ম্যানইউ। কোচও স্বীকার করলেন, ফার্নান্দেজের কারণেই ম্যানইউ ভালো করছে। ব্রুনো যোগ দেওয়ার পর থেকে তার চেয়ে বেশি গোল আর কেউ করেনি ম্যানইউ-এর। এক বছরে ব্রুনো সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৮ গোল করেছেন। অ্যাসিস্ট ১৭টি। তার দারুণ পারফরমেন্সে ম্যানইউ স্বপ্ন দেখছে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের। ‘ও প্রতিভাবান। তার প্রভাব পড়েছে। প্রথম যেদিন সে এসেছে সেদিন থেকেই দলের পরিবেশ, স্টাফ সবার মাঝেই প্রভাব পড়েছে। সে খুবই নম্র একজন মানুষ এবং পরিশ্রমী। সবাই দেখেছে মাঠে সে কী করে। তার প্রথম বছরের পারফরমেন্সে দারুণ সন্তুষ্ট। আশা করছি এটি বজায় থাকবে।’
ব্রুনোকে অনেকে মিলান ফরাসি ফরোয়ার্ড এরিক ক্যান্টোনার সঙ্গে তুলনা করেন। ১৯৯২-৯৩ মৌসুমে নভেম্বর মাসে লিডস ইউনাইটেড থেকে ম্যানইউতে যোগ দেন ক্যান্টোনা। ১৯৬৬-৬৭ এর পর ওই মৌসুমে আলেক্স ফার্গুসনের অধীনে লিগ শিরোপা জিতেছিল রেড ডেভিলরা। সেই থেকে মোট ১৩ বার লিগ শিরোপা জেতে ম্যানইউ ফার্গুসনের অধীনে। তাই ব্রুনোকে ঘিরে আশা ২০১২-১৩’র পর আবারও লিগ জিতবে ম্যানইউ। আর তার মূলে থাকবেন ফার্গুসনের শিষ্য সোলসকায়ের।
