ব্রাহ্মণবাড়িয়া টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৩:২১ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া টাউন খালটি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের থানা ব্রিজে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা. মো. আবু সাঈদ, নোঙরের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদকব দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, নোঙর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা মুন্নী প্রমুখ।

মানববন্ধন চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ র আ ম  উবায়দুল মোকতাদির চৌধুরী মানবন্ধনকারীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন।

নোঙর জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ বলেন, ঐতিহ্যবাহী এই খালটি রক্ষা এখন জেলাবাসীর প্রাণের দাবি। খালটি রক্ষার্থে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। তাই এই খালটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত