বালু উত্তোলনের ছবি তোলায় সাংবাদিককে নির্যাতন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৬ এএম

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তুলতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। কামাল হোসেন নামে ওই সাংবাদিককে মারধর করে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এতে তার মুখ, মাথা ও কপালসহ শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদের ঘাগটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামালকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তাহিরপুর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন দৈনিক সংবাদ ও সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

আহত সাংবাদিক কামাল দেশ রূপান্তরকে জানান, তিনি গতকাল দুপুরে যাদুকাটা নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে ঘাগটিয়ায় যান। কাজ শেষে একটি দোকানে বসে এলাকার মানুষের সঙ্গে কথা বলছিলেন। তখন ঘাগটিয়া গ্রামের মাহমুদুল ইসলাম, দীন ইসলাম ও রইসউদ্দিন গিয়ে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে বেলা আড়াইটার দিকে কামাল হোসেনের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা স্থানীয় বাদাঘাট ফাঁড়ি থেকে পুলিশ সদস্যদের  নিয়ে ঘটনাস্থলে যান। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করানো হয়। এরপর সেখানকার চিকিৎসকরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

কামাল আরও জানান, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় কপাল কেটে গেছে। এছাড়া শরীরের আরও কয়েক জায়গায় জখম হয়েছে। হামলাকারীরা তার মোবাইল ফোন, ক্যামেরা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় আমি থানায় মামলা করব।

তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘সাংবাদিক কামালকে মারধরের খবর পেয়ে তার পরিবারের সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলাম। ঘটনাস্থলে পুলিশ আছে। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত