বার্সেলোনা-মেসির চুক্তির অর্থের পরিমাণটা স্প্যানিশ এক দৈনিক ফাঁস করার পর থেকে তা নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। যে দলে দেনা ১১৭ কোটি ইউরো, সেই দল একজনের পেছনে কি করে ৫৫ কোটি ইউরো খরচ করে। অনেকে বার্সার আর্থিক দুর্দশার জন্য তাই মেসিকে দায়ী করছেন। কিন্তু লা লিগা প্রেসিডেন্ট বলছেন বার্সেলোনার আর্থিক সংকটের কারণ মেসি নয়, করোনা পরিস্থিতি। টুইটারে লা লিগা প্রেসিডেন্ট তেবাস বলেছেন, ‘মহামারী না থাকলে ইতিহাসের সেরা খেলোয়াড়ের কারণে যে আয় হয়, তাতে এটা পুষিয়ে যাওয়ার কথা ছিল। কিছু গণমাধ্যম এই ব্যাপারটিতে সুষ্ঠু আচরণ করছে না।’ ৭ মার্চের নির্বাচনে বার্সার প্রেসিডেন্ট পদপ্রার্থী ভিক্তর ফন্ত বলেছেন, ‘বার্সেলোনা যা দিয়েছে, তার প্রতিটি পয়সা মেসির প্রাপ্য। আমাদের কোনো ক্ষতি সে করেনি। সে ইতিহাসের সেরা খেলোয়াড় এবং আমরা তাকে সারা জীবন দলে দেখতে চাই।’
উদ্দেশ্য ‘বার্সা ও মেসির ক্ষতি’
কোচ রোনাল্ড কোম্যানও কথা বলেছেন মেসির পক্ষেই। তার মতে, যে ব্যক্তি খবরটি ফাঁস করেছে সে যেই হোক বার্সেলোনায় তার কোনো ভবিষ্যৎ নেই।’ সংবাদমাধ্যমে মেসির ব্যাপারে যাই এসেছে, তা ভালো কিছু হয়নি। মেসি ও বার্সার ক্ষতি করার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে’ বিলবাওয়ের সঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটা বলেন তিনি। তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে ফুটবলার হিসেবে নিজের সামর্থ্য ও প্রতিভার প্রমাণ দিয়ে আসছে মেসি। সে ক্লাবকে বড় হতে এবং শিরোপা জিততে সাহায্য করেছে। সে যা করেছে তাতে আপনাকে তার প্রতি সম্মান দেখাতেই হবে।’
বার্তোমেউয়ের অভিযোগ অস্বীকার
মেসি ও বার্সেলোনার চুক্তিটি হয়েছিল ২০১৭ সালের নভেম্বরে। তখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন জোসেপ মারিয়া বার্তোমেউ। গত মৌসুম শেষে মেসি বার্সেলোনা ছাড়তে চাওয়ার পর পদত্যাগ দাবি করা হয় বার্তোমেউয়ের। শেষ পর্যন্ত সেটি হয়েছেও। এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, কথা রাখেননি বার্তোমেউ। মেসি ও বার্তোমেউয়ের খারাপ সম্পর্কের কথা সবাই জেনেছিল। তাই মেসির চুক্তির তথ্য ফাঁসের পর অনেকেই অভিযোগের আঙুল তুলছেন বার্তোমেউয়ের দিকে। তবে বার্তোমেউ বলেছেন, ‘আমি চুক্তিপত্র ফাঁস করেছি, কথাটা শুনে খারাপ লাগছে। এটা পুরোপুরি মিথ্যা। পেশাদার চুক্তিপত্র ফাঁস করাটা গুরুতর ও অবৈধ কাজ। টিভিতে কাউকে অভিযুক্ত করা সহজ। কিন্তু আমরা এটা নিয়ে মজা করছি না, এটার নিষ্পত্তি ঘটবে আদালতে। আর একটা কথা, খেলা এবং বাণিজ্যিক নানা দিক মিলিয়ে মেসি যে পারিশ্রমিক নেয়, সে তার যোগ্য। আর মহামারী না হলে ভালোভাবেই মেসিকে এই অর্থ দিতে পারত বার্সা।’
