জনপ্রতিনিধিদের টিকা নিতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৪ পিএম

করোনাভাইরাসের টিকা নিতে স্থানীয় মন্ত্রী, এমপি, চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ৭ তারিখ সারা দেশে একযোগে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। আমি আশা করি আপনারা আপনাদের এলাকার মানুষকে টিকাদান কেন্দ্রে নিয়ে যাবেন। তাদের উদ্বুদ্ধ করবেন টিকাদানে।

মঙ্গলবার  রাজধানীর একটি হোটেলে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, ভ্যাকসিন ছাড়া করোনাভাইরাস ‍নির্মূল করা সম্ভব না। অতীতে বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে আমরা ভ্যাকসিন নিয়েছি। সেসব ভ্যাকসিনেও পার্শ্ব পতিক্রিয়া ছিল। সব টিকার পার্শ্ব পতিক্রিয়া আছে। অক্সফোর্ডের টিকারও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যে ভ্যাকসিন যারা নিয়েছে তারা ভালো আছে। এই টিকা অনেক নিরাপদ।

তিনি বলেন, দেশের সব জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলা পর্যন্ত পৌঁছে যাবে।  শুধু শহর নয়, একদম প্রত্যন্ত অঞ্চলে আমাদের মুরব্বিরা, মা-বোনরা আছেন, তাদের আহ্বান করব আমাদের জেলা-উপজেলায় এসে টিকা নেয়ার জন্য। আমাদের যারা সহকর্মী আছে তাদের অনুরোধ করব, তারাও এ টিকাদান কর্মসূচিতে যোগ দেবেন। সবাইকে টিকাদানে উদ্বুদ্ধ করবেন।

এ সময় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এনসিডিসি লাইন ডাইরেক্টর ডা. রোবেদ আমিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসির পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত