পূর্ব ঘোষণা অনুযায়ী প্রযোজনায় নাম লেখালেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। ‘বাড়ওয়ান খিলাড়ি’ নামক ক্রিকেট গল্পনির্ভর একটি ওয়েব সিরিজের অফিসিয়াল পোস্টার ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করে মাহিরা লিখেছেন, ওয়েব সিরিজের গল্পে ফুটে উঠবে ক্রিকেট ও ভালোবাসার পারিবারিক বন্ধন। তিনি লিখেছেন, গল্পে বন্ধুত্ব, সম্পর্ক, একতা, ব্যর্থতা, সাফল্য এবং সম্পর্কের বিষয়টি উঠে আসবে। সবাই আমরা সবার তরে। সবার জানা যে, ভালোবাসা ও পরিশ্রম এক হলে সফলতা আসবেই।
ইনস্টাগ্রামে এই অভিনেত্রী আরো লিখেছেন, ওয়েব সিরিজটি স্ট্রিমিং প্লাটফর্ম তপমাদ টিভিতে প্রচারিত হবে। আশা করছি, পুরনো সঙ্গী নাইনা কাশফিকে সঙ্গে নিয়ে দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারবো।
এই ওয়েব সিরিজের একটি পোষ্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী কিনজা হাশমি জানিয়েছেন, সিরিজে অনেক তারকার ভিড়ে তিনি একমাত্র নারী তারকা। এর গল্পটি ক্রিকেট নিয়ে লেখা হলেও প্রেম-ভালোবাসা ও আবেগের কমতি রাখা হয়নি।
জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান গত বছর করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন। এ কারণে তার ‘নীলুফার’ সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। সূত্র : দ্য ডন
