যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের দায়ের করা একটি মামলার শুনানি হবে বলে রায় দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত। গত বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৬ বিচারকের সংখ্যাগরিষ্ঠ অংশ এই রায় দিয়েছে।
পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হয় তেহরান। ইরানের অভিযোগ, এই নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে ১৯৫৫ সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় অর্থনৈতিক চুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। গত বছর যুক্তরাষ্ট্রের আইনজীবীরা আদালতে যুক্তি দেখান যে, বিচারিক ক্ষমতা না থাকায় এবং আইসিজে প্রেসিডেন্ট আবদুলকায়ি আহমেদ ইউসুফের গ্রহণযোগ্যতা না থাকায় মামলাটি আইসিজের বাতিল করে দেওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্রের এসব দাবি প্রত্যাখ্যান করেছে আদালত।
