ভ্যাট ফাঁকির অভিযোগে অনলাইন কুরিয়ার প্রতিষ্ঠান পেপারফ্লাইয়ে অভিযান চালিয়েছে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। এতে প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকির বিপুল অনিয়ম পাওয়া গেছে।
ভ্যাট গোয়েন্দার একটি দল গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর বনানীর রোডে পেপারফ্লাইয়ের হেড অফিসে অভিযানটি করে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান করা হয়। এতে ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদি জব্দ করে গোয়েন্দা দল। ভ্যাট গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক মুহম্মদ মহি উদ্দীন এতে নেতৃত্ব দেন।
অভিযানে প্রাথমিকভাবে দেখা যায়, গত বছর নভেম্বর ও ডিসেম্বরে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিয়ে ৫ দশমিক ৭৭ কোটি টাকার ওপর প্রযোজ্য ভ্যাট জমা দেয়নি।
পেপারফ্লাই রাজধানীর গুলশান সার্কেলে অনলাইন কুরিয়ার সার্ভিস হিসেবে নিবন্ধন গ্রহণ করে। এর ভ্যাট নিবন্ধন ০০০০৫৮৮১৫-০১০১। অনুসন্ধানে দেখা যায়, গোপন করা এই ৫ দশমিক ৭৭ কোটি টাকার ওপর ১৫ শতাংশ হারে ৮৬ দশমিক ৫১ লাখ টাকা ফাঁকি হয়েছে, যা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিশোধ করেনি। এ অনিয়মের কারণে পেপারফ্লাইয়ের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
