জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হল খুলে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছেন ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, এক বছরের বেশি পিছিয়ে থাকার পরও এখন পর্যন্ত পরীক্ষাসংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি। এতে দীর্ঘ সেশনজট এবং শিক্ষার্থীদের মানসিক ও আর্থসামাজিক অবস্থা হুমকির মুখে রয়েছে। ৪৪তম ব্যাচের অধিকাংশ শিক্ষার্থীর সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শেষের পথে। স্নাতকোত্তর সম্পন্ন না হওয়ায় চাকরির বাজার ছোট হয়ে গেছে।
এতে আরও বলা হয়, স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দ্রুত সম্পন্নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন পরিচালনা করার জন্য স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে।
