সরকারের কাছে ব্যাখ্যা চায় বিএনপিসহ বাম দলগুলো

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ০২:২৬ এএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা টিভিতে ‘অল দ্য প্রাইম মিনিস্টার’র মেন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয়ে সরকারের কাছে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে তারা এ দাবি জানানো হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আলজাজিরার প্রতিবেদন বাংলাদেশের আপামর জনগণকে বিব্রত ও উৎকণ্ঠিত করেছে। জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, আলজাজিরার প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করেছে। বিষয়টি জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘনীভূত করেছে।’

এদিকে গত সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও মানহানিকর হিসেবে বর্ণনা করা হয়। সেখানে বলা হয়, কিছু ‘উগ্রপন্থি ও তাদের সহযোগী, যারা লন্ডন এবং বিভিন্ন জায়গায় থেকে এসব করছে’, তাদের এই ‘বেপরোয়া অপপ্রচারকে’ বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করছে। আর সেনা সদরের তরফ থেকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে বর্ণনা করা হয় ‘সাজানো এবং দুরভিসন্ধিমূলক’ হিসেবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আলজাজিরায় প্রকাশিত ওই প্রতিবেদনকে ‘উদ্দেশ্যমূলক অপপ্রচার’ বলেছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘ওই প্রতিবেদনটি দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।’ ওই প্রতিবেদনের জন্য সরকার আলজাজিরার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলেও ইতিমধ্যে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজরিজভী : গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনিশ্চয়তা বিরাজ করছে। প্রধানমন্ত্রীর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। নিজেদের নির্দয় দুঃশাসন ও কুৎসিত মাফিয়া শাসনের ঘটনা দেশে-বিদেশে প্রচার হচ্ছে। এ ঘটনাকে আড়াল করতেই আজ তড়িঘড়ি করে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ সাতক্ষীরার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সাজা দেওয়া হয়েছে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গুম, খুন, শেয়ারবাজার লুট, ব্যাংকের টাকা আত্মসাৎ, পর্দা-বালিশ থেকে শুরু করে প্রতিটি সরকারি কেনাকাটায় সাগরচুরি, বিরোধী দল দমনে মিথ্যা মামলা ও গ্রেপ্তারসহ কত ক্ষেত্রে যে তারা অপরিসীম ‘কৃতিত্বের’ বিশ্বরেকর্ড একের পর এক গড়ে চলেছে। ষড়যন্ত্র-তত্ত্ব উৎপাদন ও বিতরণে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীদের মতো পারঙ্গম আর কেউ আছেন কি না তা আমাদের জানা নেই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু ও আবদুস সালাম আজাদ প্রমুখ।

আলজাজিরার ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ অবহিত করুনবাম গণতান্ত্রিক জোট : বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আলজাজিরা টেলিভিশনে সম্প্রচারিত প্রতিবেদনে উত্থাপিত ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ শ্বেতপত্রের মাধ্যমে দেশবাসীকে অবহিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ বিষয়ে আলজাজিরা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি জাতীয় ও আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অথচ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইএসপিআর প্রদত্ত বিবৃতি জনমানসে সৃষ্ট উদ্বেগ নিরসনে সক্ষম হয়নি। স্বচ্ছতার স্বার্থে প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই প্রতিবেদনে উত্থাপিত ঘটনাগুলোর সত্যনিষ্ঠ বিবরণ শ্বেতপত্রের মাধ্যমে দেশবাসীকে অবহিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিদাতারা হলেনবাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউসিএলবির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

বিশে^ রাষ্ট্রের মর্যাদা দারুণভাবে ক্ষুন্ন হয়েছেজাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব : গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আ স ম রব বলেন, ‘আলজাজিরার বাংলাদেশ সম্পর্কিত অনুসন্ধানী প্রতিবেদনে বিশ্বের সামনে রাষ্ট্রের মর্যাদা দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। প্রতিবেদনটি একেবারে অস্বীকার বা প্রত্যাখ্যান করার সরকারি প্রতিক্রিয়ায় বিভিন্ন মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ এই প্রতিবেদনে অনেক বিষয়ের উল্লেখ রয়েছে। রাষ্ট্রের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রতিবেদনে উল্লিখিত প্রতিটি বিষয়ে সরকারকে যৌক্তিক ব্যাখ্যাসহ সুস্পষ্টভাবে খ-ন করে দেশবাসীকে অবহিত করতে হবে। সরকারের উচিত হবে কোন কোন বিষয় মিথ্যা ও বিভ্রান্তিকর তা সুস্পষ্ট করা।’

এছাড়া কল্যাণ পার্টি বাংলাদেশের সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম আলজাজিরার প্রতিবেদন নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত