দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখার তিন বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার। এর প্রতিবাদে সোমবার ‘প্রতিবাদ সমাবেশ’ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, আগামী সোমবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।
কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘গত মার্চে কারাগার থেকে বাড়ি নিয়ে আসা হলেও তিনি মূলত গৃহবন্দি। অগণতান্ত্রিক সরকারের দোসররা কখনোই গণতান্ত্রিক শক্তির মিত্র হতে পারে না বলেই খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। আজ তার বন্দিত্বের জন্য সারা জাতি বেদনায় ভারাক্রান্ত। এই ঘোর তিমির ঘন পরিবেশের অবসান ঘটবেই, আওয়ামী লীগের লাঠিপেটা গণতন্ত্রের কবর রচনা হবেই, খালেদা জিয়াকে মুক্ত করবই।’
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা দেয় বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত। ওই দিনই তাকে পুরান ঢাকার কারাগারে নেওয়া হয়। গত বছরের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্ত হন তিনি। মুক্ত হওয়ার পর থেকে তিনি তার গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
