মিথ্যা তথ্য দিয়ে স্ত্রী-সন্তানের নামে উত্তোলন করা ভাতার টাকা ফেরত দিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউপি সদস্য কামরুজ্জামান। গতকাল রবিবার তিনি উপজেলা সমাজসেবা কার্যালয়ে ট্রেজারি চালানের মাধ্যমে ৪৮ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন।
এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিষয়টি দ্রত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন মিয়া জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দরবারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পরিবারের সদস্যদের নামে সরকারি ভাতা আত্মসাতের অভিযোগ উঠে। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ওই ইউপি সদস্যকে শোকজ করেন। শোকজের জবাবে অভিযুক্ত সদস্য নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে আত্মসাৎ করা টাকা সরকার নির্ধারিত হিসাবে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী তিনি গতকাল ৪৮ হাজার ৩০০ টাকা ট্রেজারিতে জমা দেন।
