দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ৯৫ রানে জয় তুলে নিয়েছে পাকিস্তান। সুবাদে দুই ম্যাচের সিরিজ ২-০ তে জিতে নিয়েছে স্বাগতিকেরা। প্রোটিয়াদের পেতে হয়েছে হোয়াইটওয়াশের স্বাদ।
৩৭০ রানের লক্ষ্য ছিল সফরকারী দলের সামনে। ১ উইকেটে ১২৭ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল দলটি। শেষ পর্যন্ত ২৭৪ রানে গুটিয়ে যায় তারা।
প্রোটিয়ারা তাদের শেষ ৭ উইকেট হারায় ৩৩ রানে। ব্যক্তিগত ১০৮ রানে আইডেন মারকরাম ফিরতেই ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। যার নেপথ্যে ডানহাতি পেসার হাসান আলি।
২৬ বছর বয়সী পেসার ৬০ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসেও ৫ উইকেট শিকার করেন। ম্যাচে ১১৪ রানে ১০ উইকেট নিয়ে তিনিই ম্যাচসেরা।
দ্বিতীয় ইনিংসে হাসানের সঙ্গে উজ্জ্বল ছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ৫১ রান খরচায় ৪ উইকেট নেন তিনি।
২০ রান করা উইয়ান মুল্ডারকে ইয়াসির শাহ বোল্ড করতেই সিরিজ জয়ের আনন্দে মাতে পাকিস্তান। ২০০৩ সালের পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল দলটি।
সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার হবে প্রথম ম্যাচটি।
