ফেনীর সোনাগাজীতে চাঁদা না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দৈনিক ইত্তেফাকের ক্যাম্পাস প্রতিনিধি শরিয়ত উল্যাহর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে গুরুতর আহত সাংবাদিক শরিয়তকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোনাপুর মানু হাজী বাড়ির মৃত আমির হোসেনের ছেলেদের সাথে আলি আকবর বাড়ির শহীদ উল্লাদের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়িতে আসলে সাংবাদিক শরিয়ত উল্লাহর পরিবারের নিকট চাঁদা দাবি করে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসী আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রোববার দুপুর ২টার দিকে বাড়ী থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বা রোডের মাথায় নিয়ে কোন ধরনের কথা ছাড়াই মারধর শুরু করে । এসময় ফরহাদের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা শরিয়তকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ভার্তি করায়।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিখিত অভিযোগের পেক্ষিতে ৪ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
