দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে মাত্র দু’দিন আগে পটিয়া-দোহাজারী রেলসড়কে ডেমু ট্রেন উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। যা নিয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষের উচ্ছ্বাস থাকলেও, একদিন না যেতেই সোমবার সকালে পটিয়া স্টেশনের যাত্রীরা টিকিট পায়নি বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পটিয়া স্টেশনের স্টেশন মাস্টার সময়মতো ডিউটিতে না থাকায় যাত্রীরা এ ভোগান্তির শিকার হন।
এ সময় অপেক্ষমাণ প্রায় শতাধিক যাত্রী ট্রেনের স্টেশন মাস্টারের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। প্রায় শতাধিক যাত্রী টিকিট না পেয়ে বাসযোগে চট্টগ্রাম শহরে যান নিজ নিজ কর্মস্থলে।
জানা যায়, এ নিয়ে চট্টগ্রাম-দোহাজারী যাত্রী কল্যাণ সমিতির নেতারা রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
এ ব্যাপারে চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, আজ এ ব্যাপারে অভিযোগ পেয়ে আমি ওই স্টেশন মাস্টারকে সাসপেন্ড করেছি।
এদিকে এ ব্যাপারে স্টেশন মাস্টার মাজহারুল ইসলাম জানান, ডেমু ট্রেনের জন্য যে টিকিটের চাহিদা ছিল, সেটা পাননি।
তিনি বলেন, হাতে লিখে টিকিট কেটেছি। আমাদের এখানে পর্যাপ্ত লোকজন নাই। লোকবল কম থাকলে যা হয় আর কি। এখানকার একজন মহিলা স্টেশন মাস্টার শামসুন নাহারকে সাসপেন্ড করা হয়েছে। উনি আমার সহযোগী। উনি সময়মতো আসতে পারেননি। সেই সঙ্গে আমাকেও সাসপেন্ড করা হয়েছে।
