পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার গভীর রাতে হামলায় উপজেলা যুবলীগের সভাপতিসহ দুইজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
হামলার শিকার আহত যুবলীগ সভাপতি আবু হানিফ খান (৪৫) ও স্বেচ্ছাসেবক লীগ কর্মী রানা মালকে (২৮) উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে রে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, গত রবিবার স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় ছাত্রলীগের ১৭ নেতাকর্মীর নামে থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ নিয়ে বিবাদমান দুই গ্রুপ সোমবার বিকেলে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিলে রাত ৭টার দিকে মঠবাড়িয়া পৌর মেয়র রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস ও সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিত ছাত্রলীগের একটি গ্রুপ হামলা চালিয়ে উপজেলা যুবলীগ সভাপতি হানিফ খানকে কুপিয়ে গুরুতর আহত করে।
হামলায় স্বেচ্ছাসেবক লীগের কর্মী রানা আহত হয়। এ সময় হামলাকারীরা উপজেলা যুবলীগ অফিস ভাঙচুর করে।
পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফি উদ্দিন আহম্মেদ ফেরদৌস হামলার ঘটনার সঙ্গে তার সমর্থিত নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে জানান, রবিবারের একটি মারধরের ঘটনা ও থানায় মামলা দেওয়ার ঘটনায় সোমবার সন্ধ্যায় একই এলাকায় পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের দুটি আলাদা আলাদা প্রতিবাদ সভা চলছিল। এ সময় হঠাৎ করে উভয় গ্রুপের উত্তেজিত কিছু নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ সভাপতি আহত হয়।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আব্দুল হক জানান, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে হামলার ঘটনা ঘটে। হামলায় উপজেলা যুবলীগ সভাপতিসহ দুজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করেছে। পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
