অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ শুরু পেয়েছেন রাফায়েল নাদাল। র্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা তারকা রেকর্ড ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয়ের মিশন শুরু করেছেন সরাসরি সেটে জয় তুলে নিয়ে।
মঙ্গলবার মেলবোর্নে প্রথম রাউন্ডে সার্বিয়ান প্রতিযোগী লাসলো দিয়েরেকে ৬-৩, ৬-৪, ৬-১ গেমে হারান নাদাল।
গত বছরের ফরাসি ওপেন জিতে পুরুষ এককে রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন নাদাল। এবারের অস্ট্রেলিয়ান ওপেনে সুইস তারকা না খেলায় তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নাদালের সামনে।
এদিন ছেলেদের এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা অন্যরা হলেন- রাশিয়ান চতুর্থ বাছাই দানিল মেদভেদেভ ও তার স্বদেশি আন্দ্রে রুভলেভ।
মেয়েদের এককে উড়ন্ত সূচনা পেয়েছেন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা অ্যাশলি বার্টি। তবে ছিটকে পড়েছেন প্রতিযোগিতার ২০১২ ও ২০১৩ আসরের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
